নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি মাদ্রাসার নাম ব্যবহার করে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রতারককে আটক করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা মাদ্রাসার উন্নয়ন ও বিভিন্ন খাতে সহায়তার কথা বলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদ শুরু করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের বাড়ি ফেনী জেলার সোনাগাজী বলে জানান।
তাদের কাছে থাকা মাদ্রাসার টাকা সংগ্রহের রসিদে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি জানান, আটক ব্যক্তিদের সঙ্গে তাদের মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, এর আগেও একই ধরনের রসিদ ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
একপর্যায়ে প্রতারণার বিষয়টি নিশ্চিত হলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের আটক করেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেন।
স্থানীয়রা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

