এপ্রিল ২০২৬ অনুযায়ী দেশে সরকার নির্ধারিত খুচরা বাজারে প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা নির্ধারণ করা হলেও নোয়াখালীর বিভিন্ন এলাকায় বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার অভ্যন্তরীণ বাজারে দাম অপরিবর্তিত রেখেছে। তবে সরবরাহ সংকটের অজুহাতে জেলার কিছু ডিলার ১২৫ থেকে ১৩০ টাকা দরে পেট্রোল ও অকটেন বিক্রি করছেন বলে জানা গেছে।
পাম্পগুলোতে তেলের সীমিত সরবরাহ থাকায় অনেক ভোক্তা বাধ্য হয়ে এই বাড়তি দামে তেল কিনছেন।
তবে কবিরহাট উপজেলার ভুঞার হাট বাজারে পরিস্থিতি আরও উদ্বেগজনক।
সেখানে স্থানীয় ডিলার মনির মিয়ার বিরুদ্ধে প্রতি লিটার পেট্রোল ১৫০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে, যা সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি।
স্থানীয়দের অভিযোগ, মনির মিয়া কবিরহাট উপজেলার অন্যতম বড় তেল ডিলার হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন। এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তারা মন্তব্য করেন।
একাধিক ভোক্তা ক্ষোভ প্রকাশ করে জানান, এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়েনি।
একজন ভোক্তার দাবি, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে মনির মিয়া প্রায় ২২০০ লিটার পেট্রোল বিক্রি করেছেন। এতে অতিরিক্ত দামের কারণে প্রায় এক লাখ টাকা বেশি আদায় করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ অবস্থায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

