নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ইফতার ও দোয়া মাহফিলে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক আবদুর রহিম সোহাগ।
একই সঙ্গে তিনি আগামী নির্বাচনে বসুরহাট পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে বসুরহাটের আজমেরী হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবদুর রহিম সোহাগ বলেন, “আমরা সবাই আমাদের শহরকে ভালোবাসি। সঠিক পরিকল্পনা, স্বচ্ছ উদ্যোগ এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ থাকলে কোম্পানীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শহরে রূপান্তর করা সম্ভব।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে দায়িত্ব পালনের সুযোগ পেলে শহরের যানজট নিরসন, খালের দুর্গন্ধ দূরীকরণ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য হাঁটার উপযোগী পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ এবং পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেওয়া হবে।
আয়োজকেরা জানান, ইফতার মাহফিলটি কেবল ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; বরং শহরের উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের একটি মিলনমেলায় পরিণত হয়।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন আবদুর রহিম সোহাগ। তাঁর উদ্যোগে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি, দুর্যোগকালে অসহায় মানুষের সহায়তা, ক্যান্সার রোগীদের সহযোগিতা এবং মানুষের শারীরিক সুস্থতা বাড়াতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নাগরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা আবদুর রহিম সোহাগের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশ, সমাজ ও কোম্পানীগঞ্জের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

