নোয়াখালীর হাতিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজমারা বাজারের ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ঘটনাটি ঘটে রোববার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে।
স্থানীয়দের জানান, বাজারের আমজাদ মিয়ার তেলের দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে একটি ফার্মেসি ও একাধিক মুদি দোকানসহ মোট ৮টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়।
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান জানান, “প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে কেউ ইচ্ছাকৃতভাবে বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।”
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
