নোয়াখালীর চাটখিল উপজেলায় রাস্তার কাজ বন্ধের হুমকি দিয়ে ফাঁকা গুলি করার ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে খিলপাড়া–টু–সাধুরখিল সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় রাস্তার কাজ চলমান ছিল। গত সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাত তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তারা হেলমেট পরিহিত অবস্থায় শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দেয়।
একপর্যায়ে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে তারা পরপর তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শ্রমিকরা কাজ বন্ধ করে দেন এবং এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বিষয়টি চাটখিল থানা পুলিশকে জানানো হলে খিলপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে চাটখিল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

