নিজস্ব প্রতিবেদক | নোয়াখালীর খবর
নোয়াখালীর মাইজদীতে ভয়ঙ্কর ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশল ব্যবহার করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা লুট করেছে একটি প্রতারকচক্র। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা স্কুলের সামনে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী এমরান উদ্দিন হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের নূর জাহান মঞ্জিলের বাসিন্দা এবং মৃত রেজাউল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এমরান উদ্দিন ইসলামী ব্যাংক মাইজদী কোর্ট শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে বের হওয়ার পরপরই এক কালো বর্ণের ব্যক্তি তার মুখের সামনে একটি রুমাল নাড়ান। কিছুক্ষণের মধ্যেই এমরান অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে তিনি দেখেন, তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ সব কিছুই চুরি হয়ে গেছে।
‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত এই প্রতারণার কৌশলে মানুষকে অজ্ঞান করে অর্থ ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা সম্প্রতি দেশে উদ্বেগজনকভাবে বেড়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী এমরান উদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মাইজদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”


