আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা শাখা।
বুধবার (২ সেপ্টেম্বর) বসুরহাট পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের পৌর আমির ও মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় জামায়াত নেতাকর্মীরা বসুরহাট বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে লংমার্চের প্রচারপত্র বিতরণ করেন এবং কর্মসূচির বিষয়ে তাদের অবহিত করেন।
গণসংযোগকালে জামায়াত নেতারা আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার পাশাপাশি ‘জুলাই সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
বিতরণ করা লিফলেটে কর্মসূচির বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কোম্পানিগন্জ প্রতিনিধি.. 

















