নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগও উঠেছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. আনোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে স্থানীয় পিএল একাডেমি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদকে যুবদলের নেতাকর্মীরা আটক করেন। পরে বিষয়টি মীমাংসার জন্য রাত সোয়া ৮টার দিকে স্থানীয় বিএনপি নেতা মোস্তফা রাজু ভূঁইয়া শিবিরের কয়েকজন নেতাকে ঘটনাস্থলে ডাকেন। তবে পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ তোলে।
সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম দাবি করেন, বিষয়টি সমাধানের উদ্দেশ্যে ছাত্রশিবিরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মুজাহিদসহ কয়েকজন নেতাকর্মী দিনার দোকান এলাকার একটি চায়ের দোকানে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক ও অটোরিকশাচালক বেলালের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাত ১০টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
তিনি আরও দাবি করেন, বিএনপির কার্যালয় শুরু থেকেই বন্ধ ছিল এবং বিএনপির লোকজন নিজেরাই কার্যালয় ভাঙচুর করে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
অন্যদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবির বহিরাগত লোকজন এনে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় দিনার দোকান এলাকায় বিএনপির কার্যালয় ও একটি দোকানে ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবক দলের নেতা ওমর ফারুক চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “ঘটনায় বিএনপির দুজন আহত হয়েছেন বলে শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

