দল-মত নির্বিশেষে বৃহত্তর নোয়াখালীর প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
বৃহত্তর নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় Porte de La Villette পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গোলাম মাওলা, রুবেল ভূঁইয়া, রাজু, ইমরান হোসাইন, জাহাঙ্গীর আলম রনি, হুমায়ুন কবির, আলী হোসাইন, রুবিউল হাসান শুভ ও আরেফিন বাবুর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ফ্রান্সে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অঞ্চল। জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, যোগাযোগ ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় এ অঞ্চলকে পৃথক বিভাগে উন্নীত করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।
বক্তারা আরও বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা সংগঠনের একক দাবি নয়। এটি বৃহত্তর নোয়াখালীর সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও ন্যায্য দাবি। প্রবাসে থেকেও এ দাবির প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বৃহত্তর নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বৃহত্তর নোয়াখালীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ভবিষ্যতে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর প্রবাসীদের নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
মানববন্ধন শেষে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে Porte de La Villette পার্ক এলাকা।


নিজস্ব প্রতিবেদক 




















