নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম স্মরণ সভা, দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৫ অক্টোবর, সোমবার সকালে উপজেলার থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা ও শিক্ষানুরাগী হেলাল উদ্দিন ভূঞা।
থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের সভাপতিত্বে এবং এফবিএম ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক এম. শরীফ ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মেরিন অফিসার খালেদ আবু জোবায়ের, এফবিএম ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা দেলোয়ার হোসেন মুন্না, সহকারী শিক্ষক ফাহমিদা আক্তার এবং সাংবাদিক আবদুল আজিজ সায়েম।
বক্তারা মরহুম প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞার কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরে মরহুম শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুফ্ফা গার্লস মাদ্রাসার প্রধান মাওলানা আশরাফ আলী।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করেন।


আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ 
















