নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কারের ৯১ দিন পর শুক্রবার (৩১ জুলাই) রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহার করা তিন নেতা হলেন নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আখতারুজ্জামান বিশাল এবং সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন।
এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়। একই সময়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতির পদও স্থগিত করা হয়েছিল।
পরবর্তীতে সভাপতির পদ পুনর্বহাল করা হলেও তিন নেতার বহিষ্কারাদেশ বহাল ছিল। এছাড়া তাদের দলীয় সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
সর্বশেষ কেন্দ্রীয় ছাত্রদলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে সংশ্লিষ্ট তিন নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। তারা এখন থেকে দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

