বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে Gianni Infantino ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ।
অভিযোগে তিনি পূর্বপরিকল্পিতভাবে ম্যাচের ফল প্রভাবিত করার দাবি তুলে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন।
অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি লিখিত অভিযোগ নিয়ে থানায় যান। তবে পুলিশ জানিয়েছে, এ ধরনের বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই।
লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় 2026 FIFA World Cup-এর আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচটি দেখার সময় তিনি লক্ষ্য করেন, ম্যাচ পরিচালনায় রেফারি একটি দলকে পক্ষপাতমূলক সুবিধা দিয়েছেন। তাঁর দাবি, এতে তাঁর সমর্থিত দল মিসর অন্যায্যভাবে পরাজিত হয়েছে।
অভিযোগে François Letexierসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। রাকিবের অভিযোগ, ম্যাচে অন্যায্য পেনাল্টি প্রদান, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে।
তিনি দাবি করেন, এসব ঘটনায় তিনি এবং মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য তিনি ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, অভিযোগকারী থানায় লিখিত আবেদন নিয়ে এসেছিলেন। তবে এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই। বিষয়টি তাঁকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে অভিযোগকারী মো. রাকিব গণমাধ্যমকে বলেন, ম্যাচটি দেখার পর থেকে তিনি এবং তাঁর সঙ্গে থাকা অন্য সমর্থকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর ভাষ্য, এই ঘটনার বিচার হওয়া উচিত। যেহেতু পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি, তাই তিনি আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
পাশাপাশি প্রয়োজন হলে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন বলে জানান।
