নোয়াখালীর হাতিয়ায় বাসের ধাক্কায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর-চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মাহমুদ চানন্দী ইউনিয়নের পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি সিরাজ উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর ভাঙনের কারণে সোহেল মাহমুদের পরিবার বর্তমানে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজ এলাকায় বসবাস করছিল।
বুধবার সকালে তিনি মোটরসাইকেলে করে সুবর্ণচরের বাসা থেকে চানন্দী ইউনিয়নের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে হরণী ইউনিয়নের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী সুবর্ণ বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন।
চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন শুভ জানান, দুর্ঘটনার পর সোহেল মাহমুদ পেট, হাত ও পায়ে আঘাত পান। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে তার আঘাত গুরুতর মনে হয়নি। তিনি নিজেই উঠে দাঁড়িয়েছিলেন। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সোহেল মাহমুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় বিভিন্ন মহলের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।”
