নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল।
রোববার (৭ জুন) সন্ধ্যায় উপজেলা যুবদলের উদ্যোগে বসুরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বসুরহাট পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা মাজহারুল ইসলাম তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের উপাদানরা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
তারা রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ ছাত্রদল ও যুবদলের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
