নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উদ্দিন এবং চরপার্বতী ইউনিয়ন বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার।
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা মহিলা দলের উপদেষ্টা জোৎস্না আরা বেগমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

