নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুল্যাহ নয়ন। শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, সৃজনশীলতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ গৌরব অর্জন করেন।
২০১৪ সালে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ ও আধুনিক শিক্ষাদানের কৌশলের কারণে তিনি শিক্ষক সমাজ ও অভিভাবকদের কাছেও ব্যাপক প্রশংসিত।
শিক্ষকতার পাশাপাশি লেখালেখিতেও তিনি সুপরিচিত। শিক্ষা ও সমাজবিষয়ক তার লেখা জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। এছাড়া তিনি বাংলা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার, এটুআই জেলা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও তিনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে চট্টগ্রাম বিভাগে নোয়াখালী জেলার প্রতিনিধিত্ব করেন। এছাড়া ২০২৫ সালে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ‘গুণী শিক্ষক’ সম্মাননায় ভূষিত হন।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১৭ মে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ফলাফল ঘোষণা করা হয়। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় আবদুল্যাহ নয়ন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

