বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, কেউ যদি সরকারি জমি দখল করে থাকে, তবে তা অবশ্যই উদ্ধার করতে হবে। সরকারি খাল ও জমি দখল করে কোনোভাবেই স্থাপনা নির্মাণ বা চাষাবাদ করতে দেওয়া হবে না।
শুক্রবার (৮ মে) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া-গজারিয়া ২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “খাল খননের সঙ্গে জাতীয় স্বার্থ ও মানুষের স্বার্থ জড়িত। সরকারি খালের জায়গা দখল করে বাড়ি, ঘর কিংবা চাষাবাদ করা যাবে না। এটি রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, “খাল খনন করতে গিয়ে যেন কোনো ব্যক্তির ব্যক্তিগত জমি ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তবে সরকারি জমি যে-ই দখল করুক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।”
অনুষ্ঠানে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পিআইওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি খাল পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে স্থানীয় কালুয়াই আশরাফিয়া আলিয়া এতিমখানা ও মাদ্রাসা মাঠে সোনাইমুড়ী উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন সানিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় খাল পুনঃখনন কাজে নিয়োজিত উপকারভোগীদের মাঝে কোদাল ও ঝুড়ি বিতরণ করা হয়।

