ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে চাঁদাবাজি ও দখলদারিত্বের মিথ্যা অভিযোগ ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এএইচএম আজিজ আজমীর।
বুধবার (২৯ এপ্রিল) এক লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে আজিজ আজমীর অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “আমি ২০১০ সাল থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
সম্প্রতি ‘Man Bangladeshi’ নামের একটি ফেক আইডি থেকে আমার বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের নাম ব্যবহার করে ঠিকাদারি কাজে অর্থ আদায় এবং শান্তিহাটে মার্কেট দখলের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে চরিত্রহনন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শান্তিহাটে কোনো বাজার দখল, মাসিক ভাড়া আদায় কিংবা আওয়ামী লীগ কর্মীকে পুনর্বাসনের অভিযোগেরও কোনো সত্যতা নেই।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি।
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন আজিজ আজমীর। একই সঙ্গে ফেক আইডি পরিচালনাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

