নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা এলাকায় খাল খননের সময় মাটির নিচ থেকে একটি পুরোনো মর্টার শেল উদ্ধার করেছেন শ্রমিকরা।
সোমবার (ঘটনার দুই দিন পর) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশের একটি খাল থেকে মাটি কাটার সময় কয়েকজন শ্রমিক হঠাৎ শক্ত একটি বস্তুর সন্ধান পান। পরে সেটি পরিষ্কার করলে একটি মর্টার শেল দেখতে পান তারা।
অজ্ঞতার কারণে শ্রমিকরা মর্টার শেলটি নিজেদের কাছে রেখে পরে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সোমবার আজহার আলীর বাড়ি থেকে সেটি উদ্ধার করে।
ওসি কবির হোসেন জানান, উদ্ধার হওয়া মর্টার শেলটি অনেক পুরোনো এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “শ্রমিকরা বিষয়টি সম্পর্কে না জানায় সেটি বাড়িতে নিয়ে গিয়েছিল।”
তিনি আরও জানান, মর্টার শেলটি থানায় নিরাপদে রাখা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

