নোয়াখালীর বসুরহাট পৌরসভার উদ্যোগে মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে জরিপকৃত তথ্য উপস্থাপন ও মতবিনিময়মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি সঞ্চালনা করেন বাজার পরিদর্শক করিমুল হক সাথী।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বসুরহাট পৌরসভার আওতাধীন এলাকার ভূপ্রকৃতি, জনসংখ্যা, অবকাঠামো, নাগরিক সেবা, পানিনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান ও কারিগরি টিমের সদস্যরা।
পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, “বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতেই এই মহাপরিকল্পনা প্রণয়ন জরুরি। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আমরা একটি টেকসই ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌর জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, কারিগরি টিমের সদস্য আল-মুসতাকিন অপূর্ব, পৌরসভা প্রকৌশলী মো. ইয়াছিনসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতার আলোকে মতামত ও সুপারিশ প্রদান করেন। সংশ্লিষ্টরা জানান, প্রাপ্ত মতামতগুলো মহাপরিকল্পনার চূড়ান্ত খসড়ায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

