নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ভোরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল।
নিহতরা হলেন— পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামের বাসিন্দা নার্সারি ব্যবসায়ী আল আমিন (৫৫) ও ট্রাকচালক ফয়সাল (৩৫)।
পুলিশ ও নিহতদের স্বজনদের তথ্য অনুযায়ী, আল আমিন দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা সরবরাহ করতেন। শুক্রবার ভোরে তিনি ট্রাকযোগে চারা নিয়ে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওনা দেন। পথে সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির ট্রাকটি সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই আল আমিন ও ট্রাকচালক ফয়সাল মারা যান। ট্রাকের সামনের আসনে থাকা আরও একজন গুরুতর আহত হন। তাকে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
এসআই মিল্টন মন্ডল জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

