নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় বজ্রপাতে মো. জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের তাহের মিস্ত্রি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ উদ্দিন ওই এলাকার বাসিন্দা মো. বেলাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর থেকেই হাতিয়া পৌরসভা এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল।
বিকেলের দিকে জিহাদ গোসল করার জন্য ঘর থেকে বের হন। এ সময় বাড়ির পাশেই একটি রাজকড়ই গাছের নিচে অবস্থান করছিলেন তিনি।
হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রতীক পাল জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

