নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় মসজিদের ইমামদের হস্তক্ষেপ কামনা করে চিঠি প্রদান করেছে যুবসমাজ।
উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। তারা এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের কাছে চিঠি দিয়ে মাদকের ভয়াবহতা তুলে ধরে সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় ভূমিকা জোরদারের আহ্বান জানান।
ইমামদের উদ্দেশ্যে প্রেরিত চিঠিতে বলা হয়, মাদক বর্তমানে সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে তরুণ সমাজ এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নৈতিক অবক্ষয় বাড়ছে। এ পরিস্থিতিতে সমাজে সচেতনতা তৈরিতে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইমামদের নেতৃত্বে জুমার খুতবা, ওয়াজ-মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে মাদকবিরোধী বার্তা প্রচার করা হলে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা সচেতন হবে।
ইমামদের প্রতি যুবসমাজের পক্ষ থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়,
যার মধ্যে রয়েছে—
জুমার খুতবায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা-
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদক পরিহারের নির্দেশনা প্রদান
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে উদ্বুদ্ধ করা
পরিবার ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো
চিঠিতে শেষে বলা হয়, ইমামদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় একটি সুন্দর, নৈতিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে তারা আশাবাদী।

