নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টায় বসুরহাটের আজমেরী হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন।
এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজান মাসের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মানুষকে সংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয় এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় নোয়াখালী-৫ আসনের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা জানান, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ইফতার করা হয়।

