নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নোয়াখালী-৩ আসনে বিএনপি প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। পাশাপাশি কার্যালয়–সংলগ্ন একটি ভাঙারি মালামালের দোকানও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার ০২/০২/২০২৬ ভোর আনুমানিক চারটার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিকল্পিতভাবে নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। দলটির নেতারা অভিযোগ করেন, স্থানীয় জামায়াত কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগটি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।
নোয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন মো. বোরহান উদ্দিন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশ দুপুরে গণমাধ্যমকে বলেন, আগুনে আনুমানিক ১৪ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তিনি বলেন, “এটি জামায়াতের কাজ। ধানের শীষের পক্ষে থাকা ভোটারদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবদুজ জাহের গণমাধ্যমকে বলেন, তিনি কেবল ঘটনাটি শুনেছেন। তাঁর দাবি, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কখনোই এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত নয়। তিনি অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, আগুন লাগার ঘটনা সত্য। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
