নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চরজব্বার ইউনিয়নের হাজী গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), আদর্শ গ্রাম বেড়িবাঁধ এলাকার আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) এবং পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেলটি নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী নিহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সুবর্নচর প্রতিনিধি 





















