নোবিপ্রবি প্রতিনিধি :মিশতাক হাসান মাফি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের প্রায় ১ হাজার ৫০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার সকাল সাড়ে ১০টায় এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের
উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিভাগীয় অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এর পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে তাদের নিয়মিত ক্লাস শুরু হয়। ক্লাস শুরুর প্রায় দুই মাস পর এবার কেন্দ্রীয়ভাবে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবীন বরণ অনুষ্ঠানে ৩১টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেবেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা ও বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে।
অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসেন চৌধুরী (ভারপ্রাপ্ত)ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজনের বিষয়টি জানানো হয়।


নোবিপ্রবি প্রতিনিধি :মিশতাক হাসান মাফি 


















