নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় বাবা ও মাকে মারধর, বসতঘর ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবা নুর আলম (৫৫)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল কালাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নুর আলমের ছেলে নুরুল আনোয়ার (২৯) মাদকাসক্ত হয়ে বিভিন্ন সময় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-মাকে অশালীন ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করতেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময় পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত নুরুল আনোয়ার তাঁর মায়ের আট আনা ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা এবং বাবার জমানো ৪৮ হাজার টাকা নিয়ে যান। এ ছাড়া বসতঘরের তিনটি বিদ্যুৎ মিটার ভাঙচুর করে প্রায় ২৮ হাজার টাকার ক্ষতিসাধন করেন। পরিবারের আসবাবপত্রও একাধিকবার নষ্ট করার অভিযোগ রয়েছে।
সর্বশেষ ঘটনার দিন মাদক সেবনের জন্য কিস্তিতে টাকা এনে দিতে বাবাকে চাপ দেন নুরুল আনোয়ার। এতে রাজি না হওয়ায় বসতঘরে এলোপাতাড়ি কোপ দিয়ে ভাঙচুর করেন। এ সময় বাবা নুর আলম ও তাঁর স্ত্রীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন অভিযোগকারী।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রতিবেশী উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি পরিবারের।
এ ঘটনায় ভুক্তভোগী বাবা নুর আলম কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত নুরুল আনোয়ারের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে থানা পুলিশের বক্তব্যও জানা যায়নি।


নিজস্ব প্রতিবেদক 

















