নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিমা বিসর্জনের পর দশমী সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ‘বিজয়া সম্মিলন-১৪৩৩ বঙ্গাব্দ (২০২৬)’। যোগিদিয়া যুব সংঘের উদ্যোগে যোগিদিয়া শ্রী শ্রী জয় কালী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন যোগিদিয়া শ্রী শ্রী জয় কালী মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক অরবিন্দ ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু।
যোগিদিয়া যুব সংঘের কার্যকরী পর্ষদের সভাপতি শিমুল কান্তি বৈষ্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব ভৌমিক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাসুদুর রহমান বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সুন্দর আয়োজনের জন্য আয়োজকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরভিত্তিক পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় সংগীতশিল্পী জুটন চন্দ্র মজুমদার ও এলাকার ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
ধর্মীয় সম্প্রীতি, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ বিজয়া সম্মিলনে স্থানীয় অতিথি ও ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ 























