নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলম (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বেগমগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের পূর্ব পাশে একটি চায়ের দোকানের সামনের সড়কে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তার বাবার নাম মো. আলী হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় ও এসআরবি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে আলমের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আলম জানিয়েছেন, তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা শরণার্থী শিবির থেকে ইয়াবা নিয়ে হাতিয়ায় যাচ্ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।


বেগমগন্জ প্রতিনিধি 





















