তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘উদয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে বসুরহাটের মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ.এস.এম. কামাল উদ্দিন।
তিনি প্রতিযোগিতা পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮টি বিতর্ক দল অংশগ্রহণ করে। প্রাণবন্ত যুক্তি, তথ্যনির্ভর উপস্থাপন ও মেধার প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
