প্রতিবেদক-
সাখাওয়াত হোসেন(সুজন)
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটস্থ জৈতুন নাহার কাদের মহিলা কলেজের ৬ মাস মেয়াদি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুরী আলম স্বাক্ষরিত ৫ জুন ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্র:বিধানমালা-২০২৪ এবং সংশোধিত প্র:বিধানমালা-২০২৫ অনুযায়ী কলেজটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৬ (ছয়) মাস মেয়াদি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটির সদস্যরা হলেন—
মো. আবুল বাসার — সভাপতি,
সদস্য সচিব রেজাউল করিম — অভিভাবক প্রতিনিধি সদস্য,(উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত)
মো. আজিজুর রহমান — শিক্ষক প্রতিনিধি সদস্য।
(জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত)
শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক গভর্নিং বডি গঠন অথবা সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কমিটি গঠন করতে হবে।
এদিকে অ্যাডহক কমিটির অনুমোদনপত্র কলেজে পৌঁছার পর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা নবনিযুক্ত সভাপতি মো. আবুল বাসারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নবনিযুক্ত সভাপতি আবুল বাসার কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই অ্যাডহক কমিটি কলেজের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের পাশাপাশি শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
