প্রাথমিক শিক্ষা উন্নয়নে বিশেষ অবদান রাখায় নোয়াখালী জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)” হিসেবে নির্বাচিত হয়েছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই সভায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্য থেকে কায়েসুর রহমানকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
এ নির্বাচনের মাধ্যমে তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছেন। পরবর্তীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন করবেন।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই অর্জন শুধু আমার একার নয়, প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নে কাজ করে যেতে সকলের সহযোগিতা কামনা করছি।”
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, কায়েসুর রহমানের এ স্বীকৃতি বেগমগঞ্জ উপজেলার শিক্ষা উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

