নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ বিদ্যুৎ নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২১ মে) রাতে হাতিয়া থানার বোয়ালিয়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে বিদ্যুতের অনুসারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতার বিদ্যুৎ এর আগেও বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছিল।
জব্দ করা অস্ত্র ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

