নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর আদালত প্রাঙ্গণ থেকে মায়ের কাছ থেকে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে আবুল হোসেন রনি (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-৩-এর একটি দল। একই অভিযানে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১, সিপিসি-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডু।
এসআরবি জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং এসআরবি-৭, সিপিএসসি, চট্টগ্রামের যৌথ অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পাশে কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফ নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে আবুল হোসেন রনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের বাছেদের বাড়ির সালাউদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। পুলিশের দাবি, আবুল হোসেন রনি ও তার সহযোগীরা ওই কিশোরীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত ১৬ জুলাই নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, নোয়াখালীতে মামলা করেন।
পরে আদালত ভুক্তভোগীকে উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীকে নির্দেশ দেন। একপর্যায়ে আসামিরা পর্দার আড়ালে থেকে ভুক্তভোগীকে আদালতে হাজির করলে আদালত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টার, চট্টগ্রামে পাঠানোর নির্দেশ দেন। গত ১৩ সেপ্টেম্বর আদালত ভুক্তভোগীকে তার মায়ের জিম্মায় দেন।
এসআরবির ভাষ্য অনুযায়ী, আদালত থেকে মেয়ে ও মা সিএনজি অটোরিকশায় ওঠার সময় রনিসহ কয়েকজন তাদের ঘিরে ধরে। তারা কিশোরীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার মা বাধা দেন। এ সময় তাকে মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে মেয়েকে রক্ষা করতে গেলে রনি তার মায়ের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন বলেও মামলায় অভিযোগ রয়েছে।
একপর্যায়ে আসামিরা সিএনজি ও মোটরসাইকেলযোগে কিশোরীকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা সুধারাম থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর ভুক্তভোগীকে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে যৌথ অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


হিমেল আহাম্মেদ 
















