ঢাকার বাড্ডা ও ভাটারা এলাকা থেকে নোয়াখালীর দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলাইয়ারপুর এলাকার হারুনুর রশিদের ছেলে মো. সাগর (৩১) এবং সেনবাগ থানার আহম্মেদপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মাহফুজুর রহমান ইমন (২০)।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, সাগর বাড্ডার সাতারকুল জিএম বাড়ি খালপাড় এলাকার একটি বাসার পঞ্চম তলায় পরিবারের সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
বাড্ডা থানার এসআই মো. ইব্রাহিম খান জানান, সাগর দীর্ঘদিন ধরে বেকারত্ব ও বিভিন্ন সমস্যার কারণে হতাশায় ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বুধবার গভীর রাতে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, ভাটারা থানার ঢালীবাড়ি কাঁচাবাজার এলাকার একটি বাসা থেকে মাহফুজুর রহমান ইমনের মরদেহ উদ্ধার করা হয়।
ভাটারা থানার এসআই হাসানুজ্জামান জানান, বুধবার রাতের দিকে ইমনের বাবা মোবাইল ফোনে কথা বলার জন্য বাইরে যাওয়ার পর ঘরে ফিরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ইমন মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুই ঘটনারই বিস্তারিত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


শাহাদাত হোসেন রাসেল 






















