নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে একটি মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। ধর্মীয় স্থানে এ ধরনের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদ-এ এ চুরির ঘটনা ঘটে।
ঘটনার সময় প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক পাশের মক্তব কক্ষে ঘুমিয়ে ছিলেন।
এ সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মসজিদে প্রবেশ করে প্রথমে তার কক্ষ বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে মসজিদের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ভোরে ফজরের আজানের সময় ইমাম কক্ষ বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বের হয়ে তিনি আজান দেন এবং বিষয়টি সবাইকে জানান।
মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ নবী জানান, দানবাক্সে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা ছিল। তিনি দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে মোহাম্মদ নুরুল হাকিম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয়দের দাবি, ধর্মীয় স্থানে এমন ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক।

