আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন আলহাজ্ব আবদুস সাত্তার।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় আবদুস সাত্তার নব্বইয়ের দশক থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলেছেন।
স্থানীয়দের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি এক বক্তব্যে আবদুস সাত্তার বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি সিরাজপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান। তিনি বলেন, “আমি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ।
ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, আমার একমাত্র লক্ষ্য এই ইউনিয়নের মানুষের সেবা করা।”
স্থানীয় বাসিন্দাদের মতে, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং জনসেবার মানসিকতা তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।
তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন ও নির্বাচনী পরিস্থিতির ওপরই নির্ভর করবে তার প্রার্থিতার ভবিষ্যৎ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও আবদুস সাত্তারকে ঘিরেই আলোচনা সবচেয়ে বেশি—এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

