নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৩ মে) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং সত্য প্রকাশের অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. বোরহান উদ্দিন। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামাল হোসেন বিষাদ।
এ সময় আরও বক্তব্য দেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু নাসের মঞ্জু, ইউএনবি প্রতিনিধি মেজবাউল হক মিঠু, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, মানবজমিন প্রতিনিধি নাসির উদ্দিন বাদল, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন সোহাগসহ অন্যান্য সাংবাদিকরা।
বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে বক্তারা সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

