নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার চোরাইকৃত গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আবুল বাসার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহি উদ্দিন রাজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া এসব ফেব্রিক্স চট্টগ্রাম থেকে চুরি হওয়া বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ নম্বর চরবাটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাসারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে ঘর থেকে মালামাল উদ্ধার করা হয়েছে তার মালিক সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসীর দাবি, নুরুল হুদা চোরাইকৃত মালামালের সঙ্গে জড়িত থাকতে পারেন।
তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
নুরুল হুদা বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অনেক আগেই ঘরটি ভাড়া দিয়েছি। কে বা কারা এসব কাজে জড়িত, সে বিষয়ে আমি কিছুই জানি না।”
চট্টগ্রাম ডিবির এসআই মহি উদ্দিন রাজু বলেন, “অভিযানে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।”

