জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন হাতিয়া আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
হান্নান মাসউদ বলেন, ১৯৯৪ সাল থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী অঞ্চলের মানুষ বিভাগ ঘোষণার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এ অঞ্চল স্বতন্ত্র মর্যাদা পাওয়ার দাবি রাখে।
তিনি আরও বলেন, ব্রিটিশ শাসনামলে ১৭৭২ সালে ঘোষিত ১৮টি জেলার মধ্যে নোয়াখালী অন্যতম ছিল। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এ অঞ্চলে বড় বিমান ঘাঁটি এবং ভুলুয়া নামে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ নদীবন্দরও গড়ে উঠেছিল।
সংসদে বক্তব্যে বৃহত্তর নোয়াখালীর মানুষের আন্দোলন-সংগ্রামের ইতিহাসও তুলে ধরেন তিনি। খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন জাতীয় পর্যায়ের সংগ্রামে এ অঞ্চলের মানুষের অবদানের কথা উল্লেখ করেন এমপি।
তিনি বলেন, “দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে নোয়াখালীর মানুষ অগ্রণী ভূমিকা রেখেছে।
এরপরও রাজনৈতিক নানা কারণে অঞ্চলটি দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত।”
তবে বক্তব্যের সময় শেষ হয়ে যাওয়ায় বিভাগ ঘোষণার দাবিতে সরকারের কাছে নির্দিষ্ট কী পদক্ষেপ চাওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরতে পারেননি তিনি।

