নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এক কথিত ইয়াবা ব্যবসায়ীকে আটক করার পর ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ড্রাইভারের বিরুদ্ধে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খোনার বাড়ির সামনে থেকে মিজান নামে এক ব্যক্তিকে স্থানীয় টহল পুলিশ ও ওসির ড্রাইভার সজীব আটক করেন।
এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মিজানের বাড়ি উপজেলার গাড়িওয়ালাদের বাড়ি এলাকায়।
তার পিতার নাম ওমর আলী।
স্থানীয়দের দাবি, আটকের পর ওসির ড্রাইভার সজীব মিজানের সঙ্গে যোগাযোগ করে ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
এর মধ্যে ৩০ হাজার টাকা নগদ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়।
পরে বাকি ৩০ হাজার টাকা পরিশোধের পর থানায় জব্দ থাকা মোটরসাইকেলও ফেরত দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয়দের প্রশ্ন, যখন জাতীয় সংসদে মাদক, অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে, তখন মাঠপর্যায়ে এ ধরনের অনিয়ম চলতে থাকলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কোথায়?
এছাড়া স্থানীয়দের অভিযোগ, থানার কিছু অসাধু সদস্য নিয়মিতভাবে মাদক কারবারিদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে, যা মাদকবিরোধী কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।
এ বিষয়ে কবিরহাট থানার ওসির কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। তারা বলছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে।

