হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বসুরহাট পৌরসভার বাইপাস সড়ক সংলগ্ন ‘বাঁশের কুটির’ রেস্তোরাঁয় আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সভায় বক্তারা নববর্ষের ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে ঐক্যের বার্তা দেয়।
আলোচনা শেষে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন করা হয়। পরে বর্ণাঢ্য ‘আনন্দ নবযাত্রা’ বের করা হয়, যা বসুরহাট পৌরসভা গেট থেকে শুরু হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজিত বৈশাখী উৎসবে অংশ নেন প্রেসক্লাবের সদস্যরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা,
মো:মাসুদুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা রুবাইয়া বিনতে কাশেম এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

দিনব্যাপী এ আয়োজনে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পুরো কর্মসূচি জুড়ে এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ ও নববর্ষের আনন্দঘন আমেজ।

