নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি ও লুটপাটের ঘটনায় জনজীবনে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
জানা যায়, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামের ভবন থেকে এসি চুরির ঘটনা ঘটেছে। একইভাবে দিনের আলোতে বসুরহাট ডাকবাংলোর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কক্ষ থেকেও এসির যন্ত্রাংশ চুরি হয়েছে।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিমের বাসভবনে লুটপাট, বসুরহাটের ইবনে সিনা হাসপাতাল, বসুরহাট ডায়াগনস্টিক সেন্টার, ন্যাশনাল হাসপাতাল, বসুরহাট সেন্ট্রাল হাসপাতালসহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন বাসাবাড়িতে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, চোর চিহ্নিত করে থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

