নোয়াখালীর হাতিয়া ও কবিরহাট উপজেলায় পৃথক ঘটনায় দুই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরলইট্রা গ্রামে বসতঘরের পাশের পুকুরে ডুবে মারা যায় নুসরাত বেগম মরিয়ম (৬) নামের এক শিশু। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ১১টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত মরিয়ম স্থানীয় বাসিন্দা মিরাজের মেয়ে।
এর আগে রোববার ভোরে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় সাইমুন (৪) নামের আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো. ফরিদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেল থেকে সাইমুন নিখোঁজ ছিল। পরদিন ভোরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
অন্যদিকে রোববার সকালে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় নিহা (৩) ও জান্নাত (৫) নামের দুই শিশু। স্থানীয় সূত্রে জানা যায়, মাটি কাটার ফলে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে পড়ে তারা ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহা স্থানীয় জোবায়েদের মেয়ে এবং জান্নাত ইউসুফের মেয়ে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ঘটনাগুলো দুর্ঘটনাজনিত। কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

