নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের স্থানীয় সভাপতিসহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করে ছাত্রদলের কিছু নেতাকর্মী—এমন অভিযোগ উঠে।
ছাত্রশিবিরের এক নেতা জানান, চর হাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার কর্মী জহিরুল ইসলামকে আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় এলাকায় আটকে রাখা হয়েছে—এ খবর পেয়ে থানা সভাপতি ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষ ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালালে ইমরান হোসেনসহ কয়েকজন আহত হন।
অন্যদিকে, ছাত্রদলের দাবি—বহিরাগত কিছু ব্যক্তি হামলার চেষ্টা করলে তারা তা প্রতিহত করেছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হাকিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

