লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা গোপন সুড়ঙ্গে মাদক সেবন ও বিক্রি চলত বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রফুল্ল সাহার বাড়ির পাশের একটি বাগানে।
স্থানীয়দের দাবি, সুড়ঙ্গটির ভেতরে বাঁশ ও গাছের ডাল দিয়ে তৈরি ঢাকনা, ওঠানামার জন্য সিঁড়ি এবং বসবাসের মতো বিছানা-বালিশের ব্যবস্থাও ছিল।
সেখানে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত।
বৃহস্পতিবার লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রফুল্ল সাহার ছেলে সুজন সাহা (ভক্ত) ওই সুড়ঙ্গ (স্থানীয়দের ভাষায় ‘বাঙ্কার’) তৈরি করে সেখানে মাদক সেবন ও বিক্রি চালিয়ে আসছিলেন। সুড়ঙ্গটিতে একসঙ্গে তিন থেকে চারজন অবস্থান করতে পারতেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে স্থানীয়দের উদ্যোগে সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়েছে।
দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারী বলেন, “সুজন একজন মাদক ব্যবসায়ী। বাগানের ভেতর মাটির নিচে আস্তানা তৈরি করে সে সেখানে মাদকের আসর বসাত।”
অভিযুক্ত সুজন সাহাকে তার বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের কাছ থেকেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
তবে তার স্ত্রী সুবাঙ্কা সাহা দাবি করেন, ওই স্থানে তার স্বামী শুধু আড্ডা দিতেন এবং সিগারেট খেতেন। মাদকের বিষয়ে তিনি কিছু জানেন না।

