নোয়াখালীর কবিরহাটে একই পরিবারের দুই বোন ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বড় বোন বাক্প্রতিবন্ধী। ২০১২ সালে তাঁকে ধর্ষণের ঘটনায় করা মামলায় গত বছরের ডিসেম্বরে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হলেও এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর মধ্যে এবার বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ছোট বোনকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে।
এ ঘটনায় ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
পরিবারের অভিযোগ, বড় মেয়ের ধর্ষণের বিচার পেতে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন বাবা। এর মধ্যে ছোট মেয়েও নির্যাতনের শিকার হওয়ায় নতুন করে মামলা পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে ছোট মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪)। পরে তাঁরা দলবদ্ধভাবে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরদিন ২৩ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, গ্রেপ্তার শিপন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগীদের বাবা বলেন, বড় মেয়ের ধর্ষণের ঘটনায় দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। ওই মামলায় একজনের যাবজ্জীবন সাজা হলেও তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এখন ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা পরিচালনা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ঘটনার বিষয়ে তাঁর জানা ছিল না। ছোট মেয়ের ঘটনায় নতুন মামলা হওয়ার পর বিষয়টি তিনি জানতে পেরেছেন। আগের মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাঁকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।