নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নামাজ আদায়ের নিয়ম-কানুন, ইসলামী সংগীতসহ বিভিন্ন শিক্ষামূলক ও ধর্মীয় বিষয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীল ও নান্দনিক পরিবেশনা উপস্থিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে। এ সময় তাঁরা শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।

মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা ক্বারী ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার লালমাইয়ের জায়িতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি ইয়াসিন শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন এবং সমাপনী দোয়া পরিচালনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সালাহ উদ্দিন সুমন, জামাল উদ্দিন টিপু, মাদরাসার সাবেক শিক্ষা সচিব আবদুল কবিরসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।