নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯) এবং চরফকিরা এলাকার ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাঁদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।